পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে যাত্রীবাহী পাঁচটি বাস তল্লাশি করে প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসগুলো থেকে ২১০ কেজি শাপলাপাতা মাছ ও ১ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।
অভিযান শেষে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, জেলা বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে নিষিদ্ধ শাপলাপাতা মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।









