জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যসহ ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় ফর দ্য লাইটের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উদ্যোগ নেয় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়ন করে নেদারল্যান্ডস সরকার।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর এস. এম. সোহান ও অর্পিতা দাস অথই।
কর্মশালায় জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক বৈষম্য মোকাবিলা এবং ডিজিটাল পরিসরে নিরাপদ ও দায়িত্বশীল আচরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার হয়রানি প্রতিরোধ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।
অংশগ্রহণমূলক আলোচনা ও দলীয় মতবিনিময়ের মাধ্যমে তরুণ-তরুণীরা সমাজে বিদ্যমান বৈষম্য ও প্রতিবন্ধকতা চিহ্নিত করেন। এসব সমস্যা মোকাবিলায় তরুণদের করণীয়, জেন্ডারভিত্তিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে সমাজে সমান সুযোগ নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণ-তরুণীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাদের কার্যকর অংশগ্রহণ বাড়ানোই এ কর্মশালার মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণরা নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।








