পটুয়াখালীতে মেডিসন স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) হাসপাতালের চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় পটুয়াখালী জেলার চিকিৎসাব্যবস্থার বিভিন্ন দিক, বিদ্যমান সমস্যা ও অসংগতির বিষয় উঠে আসে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে মুক্ত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু, চিকিৎসক ডা. জসিম উদ্দিন মুকুল, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, খবর পটুয়াখালীর সম্পাদক আবদুস সালাম আরিফ, চ্যানেল আইয়ের পটুয়াখালী প্রতিনিধি এনায়েতুর রহমান, সাংবাদিক মনির হোসেন বাদল, জেলা প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান ও এসএ টিভির পটুয়াখালী প্রতিনিধি এস ডব্লিউ জহিরসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
সভাপতির বক্তব্যে মোস্তাক আহমেদ পিনু বলেন, “কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং একটি সুস্থ ও সবল জাতি গঠনের মাধ্যমে উন্নত দেশ গড়ার প্রত্যয় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অবহেলিত এই অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতেই আধুনিক এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।”
তিনি আরও বলেন, হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করতে এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ কামনা করেন তিনি।
চিকিৎসক ডা. জসিম উদ্দিন মুকুল বলেন, ব্যবস্থাপনা পরিচালকের উদ্ভাবনী চিন্তাভাবনায় পরিচালিত প্রতিষ্ঠানটি কেবল গতানুগতিক ব্যবসায়িক কার্যক্রম নয়, বরং সেবার ব্রত নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে সম্প্রতি কুয়াকাটা পর্যটন কার্নিভালে হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সেখানে পর্যটকদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নির্ভুল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা পটুয়াখালী জেলার চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, চিকিৎসাসেবায় বিদ্যমান সমস্যা ও অসংগতি দূর করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার প্রত্যাশা পূরণে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় বক্তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।








