পটুয়াখালীর দুমকিতে সাইফুল মুন্সি নামে এক কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের উত্তর পাংগাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সাইফুল মুন্সি ওই গ্রামের বজলু মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাপস নামে এক ব্যক্তি সাইফুল মুন্সির খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন। এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তাঁর ডাক শুনে সাইফুল মুন্সির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে তাঁরা মোটরের সাহায্যে পানি ছিটিয়ে এবং স্থানীয়ভাবে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে খড়ের গাদাটি পুড়ে যায়।
কে বা কারা কী কারণে খড়ের গাদায় আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কৃষক সাইফুল মুন্সি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#








