ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। রোববার (১১ অক্টোবর) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার এবং মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে লার্ভিসাইড ও ওষুধ স্প্রে করা হয়।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকরিয়া আহমেদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক বিভিন্ন প্রশ্নের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতা তিনজন শিক্ষার্থীকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মনস্তাত্ত্বিক ও অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করা সহজ হয়।
প্রতিযোগিতা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা দলবদ্ধভাবে বিদ্যালয় প্রাঙ্গণ, মাঠের বিভিন্ন কোনায় এবং ভবনের পেছনে জমে থাকা ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার করেন। সেই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করতে ঝোপঝাড় অপসারণ এবং ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয়।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকরিয়া আহমেদ বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে জনসচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সমাজে সচেতনতার বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া।
এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে কেবল একদিনের কর্মসূচি নয়, বরং নিয়মিত নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের ওপর জোরালো গুরুত্বারোপ করেন।









