“একটি ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব ডাক দিবস ও চিঠি লিখন উৎসব-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল নায়েব ইবনে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমীন এবং ডেপুটি পোস্টমাস্টার জেনারেল উম্মে হাবিবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এই উৎসব কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের সংস্কৃতির শিকড় এবং ডাক বিভাগের সেই সোনালি অতীতকে স্মরণ করার এক অনন্য সুযোগ। একসময় আমাদের আবেগ, ভালোবাসা, বিরহ কিংবা সুখ-দুঃখের অন্যতম বাহক ছিল চিঠি। রানারের ঘণ্টার শব্দ আর ডাকপিয়নের কড়া নাড়ার আওয়াজের সঙ্গে জড়িয়ে ছিল কোটি মানুষের প্রত্যাশা। কিন্তু ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারে সেই আবেগ ও ঐতিহ্য আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে।
তিনি আরও বলেন, “আজকের এই উৎসবের মূল উদ্দেশ্য হলো ডাক বিভাগের হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মের কাছে চিঠির গুরুত্ব তুলে ধরা। আমাদের লক্ষ্য হওয়া উচিত ডিজিটাল প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যবাহী ডাকব্যবস্থার এক অপূর্ব সমন্বয় ঘটানো।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, উপাচার্যের একান্ত সচিব কৃষিবিদ আরিফুর রহমান নোমান, উপাচার্য কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদসহ ডাক বিভাগের পটুয়াখালী ও দুমকি উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।








