বরগুনার আমতলীতে বিএনপির নেতাদের উপস্থিতিতে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মহিষকাটা এলাকায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজ মিলনায়তনে ভর্তি হওয়া একাদশ ও স্নাতক শ্রেনির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ওই স্লোগান দেওয়ার ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মো. জালাল উদ্দিন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পর পিছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে চিৎকার করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের একাধিক শিক্ষার্থী জানান, প্রধান অতিথি মো. উদ্দিন ফকিরের বক্তব্য শেষ হওয়ার পর অনুষ্ঠান স্থলের পিছনে থাকা কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে তারা দাবি করেন।
ওই বিষয়ে প্রধান অতিথি মো.জালাল উদ্দিন ফকির বলেন, হলরুমের পিছনে চিৎকারের শব্দ শুনেছি, তবে জয়বাংলার স্লোগান দিয়েছে কিনা তা শুনতে পাইনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা দাবি করেন, আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি। তবে সন্ধ্যার পরে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করে ছাড়া হয়েছে কি না, তা জানি না।
ইউনুচ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, আজকে কলেজে নবীন বরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমি শুনিনি। ফেইসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটিও আমি দেখিনি। আমি ফেইসবুক ব্যবহার করি না।









