টাঙ্গাইলের নাগরপুরে পাঁচটি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রাসেল মিয়া (৪২)। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেন অংশ নেন।
অভিযানকালে আসামি মো. রাসেল মিয়ার বসতবাড়ির দক্ষিণ ভিটা থেকে সতেজ অবস্থায় পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে পুলিশ গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ জব্দ করে এবং আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।









