টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া চোরকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে আরও একজন নিহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা এলাকায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে বারাপুষা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মজনু (৫০) নিহত হন।
এলাকাবাসী জানান, ভোর সাড়ে ৪টার দিকে গয়হাটা পূর্বপাড়া গ্রামের মুন্নাফের ছেলে ছামিনুল বারাপুষা এলাকায় চুরি করার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে মজনুর হাতে ধরা পড়েন ছামিনুল। মজনুর হাত থেকে পালানোর চেষ্টা করার সময় সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন ছামিনুল। পরে স্থানীয়রা মজনুকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার ভারড়া ইউনিয়নের উত্তর আগদিঘুলিয়া গ্রামে সকাল ৮টার দিকে চকের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সঙ্গে পেঁচানো অবস্থায় নয়ন (২৫) নামে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। নয়ন আগদিঘুলিয়া বছির মার্কেট এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রেজাউলের ছেলে। পরে তাকে উদ্ধার করে দাফন-কাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম মজনু হত্যার বিষয়ে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়নের মৃত্যুর ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি।







