টাঙ্গাইলের নাগরপুরে ‘কিশোর গ্যাং’-এর প্রধান ও একাধিক মামলার আসামি এলাম জাবির ওমিওসহ চারজনকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর ২০২৬) রাতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে ও কিশোর গ্যাংয়ের প্রধান এলাম জাবির ওমিও (২১), আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলাও রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।









