টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে ভারড়া ইউনিয়ন পরিষদ হলরুমে নাগরপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লাভলু তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার ও গণনাকারীদের উদ্দেশে বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের স্বজনপ্রীতি করা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান দুস্থ ও অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। তাই প্রকৃত অসহায় নারীরা যেন এ সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা প্রমুখ।









