পটুয়াখালী-১ আসনের অন্তর্ভুক্ত দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি ইউনিয়নকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঙ্গাসিয়া, লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়ন।
৫ই অক্টোবর প্রকাশিত বাংলাদেশ জাতীয় সংসদের এক প্যাডে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরিত উক্ত তালিকায় পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার অগ্রাধিকারপ্রাপ্ত মধ্যে দুমকি উপজেলার ১ নং পাঙ্গাসিয়া, ২ নং লেবুখালী এবং ৩ নং মুরাদিয়া ইউনিয়ন রয়েছে। দুমকি উপজেলার এই তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসায় স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এই যুগান্তকারী উদ্যোগের জন্য দুমকি উপজেলাবাসী, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলো সরকারি সুযোগ-সুবিধা পাবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগণের কল্যাণে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় তারা সংসদ সদস্যের প্রতি গভীর ধন্যবাদ জ্ঞাপন করেন।
#









