পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাংগা থেকে বদনাতলী খেয়াঘাট পর্যন্ত সড়ক দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর (সোমবার) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারকাজ অসমাপ্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে। তাই অনতিবিলম্বে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।মানববন্ধনে বক্তারা বলেন, রতনদী তালতলী ইউনিয়নের পাশাপাশি বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের হাজার হাজার মানুষের উপজেলা সদর, জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সড়ক। ৩ বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা এখনো পুরোপুরি শেষ হয়নি। ফলে সড়কটি বর্তমানে বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক ভোগান্তি হচ্ছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা শহরে নেওয়ার সময়ও সড়কের বেহাল দশার কারণে সময় ও দুর্ভোগ দুটোই বাড়ছে বলে জানান স্থানীয়রা।
বক্তারা আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙনের কারণে যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না করা হলে আগামী দিনে স্থানীয়দের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করেন তারা।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে মাটিভাংগা থেকে বদনাতলী খেয়াঘাট পর্যন্ত সড়কটির সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে কাজের মান নিশ্চিত করে টেকসইভাবে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ নকীব, রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আলম খলিফা, রতনদী তালতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিকদার মো. শাহজালাল, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মোল্লা, রতনদী তালতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সজীব হোসেন, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।








