শিক্ষকের কণ্ঠে শিক্ষার রূপান্তর—শিক্ষকই পরিবর্তনের চালিকাশক্তি—এমন প্রত্যয়কে সামনে রেখে পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের অবদান, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতার মর্যাদা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।









