পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘সারা দেশের মধ্যে কলাপাড়া উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ২ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখানে রয়েছে দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দর, রয়েছে শের-ই-বাংলা নৌঘাঁটি ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। পর্যটনসমৃদ্ধ এই উপজেলায় রয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকত ও গঙ্গামতি পর্যটন পল্লী। পর্যটন, মৎস্য আহরণের অন্যতম বন্দর ও কৃষিতেও রয়েছে অভাবনীয় সাফল্য। এই তিন সেক্টরকে ঘিরে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ এই কলাপাড়া উপজেলা শহরের বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের অনেক দায়িত্ব রয়েছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। শহরের মাঝখান দিয়ে প্রবাহিত একমাত্র ড্রেনেজ খালটির পানির প্রবাহ ঠিক রাখতে পলিথিন, প্লাস্টিকসহ সব ধরনের পারিবারিক বর্জ্য ফেলা বন্ধ রাখতে হবে। নইলে শহরকে বসবাসযোগ্য রাখা সম্ভব নয়। তবে ইতোমধ্যে পৌরসভা কর্তৃপক্ষ ‘গ্রিন কলাপাড়া-ক্লিন কলাপাড়া’ কর্মসূচি চালু করে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের কাজ শুরু করায় শহরবাসী সুফল পেতে যাচ্ছে।’ তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি এই কাজে সবাইকে সহায়তার আহ্বান জানান।
এবিএম মোশাররফ হোসেন আজ শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘কলাপাড়া শহরসহ উপজেলার কোথাও কোনো ব্যবসায়ী ব্যবসা-বাণিজ্যে কোনো সমস্যায় পড়লে বা হয়রানির শিকার হলে আমাকে স্বাচ্ছন্দ্যে জানাবেন। ব্যবসায়ীদের বাকিতে মালামাল দিতে বাধ্য করা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ বাধাগ্রস্ত করা কিংবা কোনো ধরনের অন্যায়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দল ও প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘ব্যবসায়িক স্বস্তিদায়ক পরিবেশ যেকোনো মূল্যে বজায় রাখতে আমাদের দল ও সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’ এ সময় তিনি এ বিষয়ে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কলাপাড়া পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, বিএনপি নেতা অ্যাডভোকেট খোন্দকার নাসির উদ্দিন, সেলিম সিকদার, অ্যাডভোকেট মো. আবুল হোসেন, কামরুজ্জামান কাজল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন হাওলাদার ও নুরুল হক মুন্সী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল ও অর্থ সম্পাদক মো. জাফর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু তালেব ইভান মাতুব্বর ও রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস প্রমুখ।









