পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, ইউরালা কাউন্সিল, অস্ট্রেলিয়া, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি যৌথ গবেষণা প্রস্তাব বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর বেলা ১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আওতায় এ গবেষণা প্রস্তাবটি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের নিকট হস্তান্তর করা হয়।
অস্ট্রেলিয়ান একটি কোম্পানি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহারের বিষয়ে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।
প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্টের প্রজেক্ট মেম্বার ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উন্নীতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।









