রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে দেশীয় অস্ত্র ও ভাঙচুরের সরঞ্জাম নিয়ে দুই শতাধিক ব্যক্তি রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা কেন্দ্রটির পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে।
ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম উঠে আসে। এলাকায় তারা ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। হামলা ও ভাঙচুরে কেন্দ্রটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর এটি পুনরায় ব্যবহার উপযোগী করতে দ্রুতগতিতে সংস্কারকাজ চলছে।









