পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ২৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ২৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রথমে নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের সিঁড়িতে অবস্থানকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর একে একে আরও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
হাইস্কুল-সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, তিনি তাৎক্ষণিকভাবে অসুস্থ কয়েকজন শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরে তাদের দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিকেল ৫টা পর্যন্ত অন্তত ২৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অচেতন হয়ে পড়েন। সন্তানদের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার দৃশ্য দেখে অনেক অভিভাবক কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা।
সহপাঠীরা জানায়, অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের অধিকাংশই নবম ও দশম শ্রেণির।
একাধিক শিক্ষক জানান, ক্লাসের মাঝখানে বিরতির সময় একে একে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। এরই মধ্যে বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং জানান, মেডিকেল সায়েন্সে এটিকে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ (Mass Psychogenic Illness) বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যজনও অসুস্থ হয়ে পড়তে পারে। মানসিক প্রভাবের কারণে এমনটি হয়ে থাকে। তবে এ নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। সবাইকে সাধ্যমতো যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।









