পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, “কৃষকরা দেশের প্রাণ। কৃষকরা স্বাবলম্বী ও স্বনির্ভর হলে দেশও স্বয়ংসম্পূর্ণ হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের কৃষকদের পাশে থেকে কৃষিবান্ধব ও কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কৃষকদের মাটি, বীজ, সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা এবং জৈব সারের ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলের কৃষকরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।
সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে পবিপ্রবি উদ্ভাবিত বিভিন্ন জাতের ১০টি করে গাছের চারা প্রত্যেক কৃষকের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান খামার তত্ত্বাবধায়ক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব মো. আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।









