পটুয়াখালীতে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে ‘তারুণ্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবের শেষ পর্বে আইডিয়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
সম্প্রতি পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ উৎসবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজন বিষয়ে তরুণদের বিভিন্ন উদ্যোগ ও ধারণা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে এনএসএস, জাগোনারী, ডাসকো ফাউন্ডেশন ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির আওতায় জলবায়ু ঝুঁকিপূর্ণ বরিশাল ও রাজশাহী বিভাগের পাঁচটি জেলা—বরিশাল, পটুয়াখালী, বরগুনা, রাজশাহী ও নওগাঁর ১৫টি উপজেলা এবং ৯০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য যুব ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি ও বাস্তবায়ন করা।
‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন রয়েছে এবং জিএফএ কনসালটিং গ্রুপ কর্মসূচিটি পরিচালনা করছে।
প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল বিভাগে এনএসএস ও জাগোনারীর উদ্যোগে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক ‘তারুণ্য উৎসব’ আয়োজন করা হয়।
এনএসএসের গেটকা প্রকল্পের জেলা সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বকে উৎসাহিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।









