মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। পথে বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে পালকী পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পরে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির হানিফ পরিবহনের বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ।









