বরগুনার আমতলী উপজেলার ৬টি মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
নিয়োগ পাওয়া প্রশাসকেরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী আমতলী সদর ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় সেখানে কোন প্রশাসক নিয়োগ করা হয়নি।
নিয়োগকৃত প্রশাসকরা হলেন- উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়ন পরিষদে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইদ্রিস আলী, ২নং কুকুয়া ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, ৩নং আঠারগাছিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, ৪নং হলদিয়া ইউনিয়নে উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, ৫নং চাওড়া ইউনিয়নে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ওই সকল প্রশাসক নিয়োগে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
প্রশাসকদের দায়িত্ব পালনের বিষয়ে প্রজ্ঞাপনে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০২৪-এর ১৮(১) ধারা অনুযায়ী নিয়োগের তারিখ থেকে তারা এক মেয়াদে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। দ্বিতীয়ত, কোনো দৈব-দুর্বিপাক, অতিমারি বা মহামারির কারণে আইন অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠন সম্ভব না হলে মেয়াদ বাড়ানোর কারণ যথাযথভাবে উল্লেখ করে সরকারের অনুমতি নিতে হবে।
এছাড়া বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের একটি বিশ্বস্থ্য সূত্র থেকে জানা গেছে, চলতি বছরের ১৮ আগস্ট জেলা প্রশাসক আমতলী উপজেলার ৬টিসহ জেলার সকল মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।









