বরগুনার আমতলী পৌরশহরের পুরাতন বাজারে জেলা পরিষদের ডাক বাংলো সীমানার মধ্যে থাকা ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষ।
বরগুনা জেলা পরিষদের উচ্চমান সহকারী এনামুল হক জানান, আমতলী পুরাতন বাজার ডাক বাংলো সীমানার মধ্যে থাকা ৬টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের জন্য মঙ্গলবার বরগুনা জেলা পরিষদ থেকে নোটিশ প্রদান করা হয়।
ওই ৬ ব্যবসায়ী ডাক বাংলোর সীমানার মধ্যে অবৈধভাবে ঘর তুলে বছরের পর বছর ব্যবসা বানিজ্য করে আসছেন। যার কারনে ডাক বাংলোর সীমানা প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি। এতে ডাকবাংলোটি ছিল নিরাপত্তাহীন। একাধিকবার তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হলেও তারা তা আমলে না নিয়ে তারা তাদের ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
বুধবার দুপুরে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) অরবিন্দু বিশ্বাস, আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাসসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।









