বরগুনার তালতলীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে তালতলী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের জয়নাল শিকদারের ছেলে ছাত্রলীগ কর্মী মো. রাজু।
পুলিশ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপির নেতা- কর্মীদের মারধরের অভিযোগে দায়েরকৃত মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
অন্যদিকে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, একটি পূর্বের মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগের কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।









