পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সম্প্রতি জাতীয় সংসদে এ স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানকে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বের মাধ্যমে ড. শফিকুল ইসলাম মাসুদের গণমাধ্যম, তথ্যের অবাধ প্রবাহ, সম্প্রচারব্যবস্থার আধুনিকায়ন ও সাংবাদিকদের পেশাগত পরিবেশসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সংসদীয় আলোচনায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
এদিকে, জাতীয় পর্যায়ে নতুন এ দায়িত্বের পাশাপাশি বাউফলের স্থানীয় সমস্যাগুলো নিয়েও তার কাছে প্রত্যাশা বাড়ছে। স্থানীয়দের আশা, নদীভাঙন, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত সংকটের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো তিনি জাতীয় সংসদে আরও জোরালোভাবে তুলে ধরবেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।









