পটুয়াখালী সদর উপজেলা নাগরিক ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা এবং নাগরিক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ৩টায় এসডিএ রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে (এসআরটিসি) এ সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপের (সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে) এবং উইক্যানের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী সদর উপজেলা নাগরিক ফোরামের সভা প্রধান ও বিশিষ্ট সমাজসেবক শ. ম. দেলওয়ার হোসেন দিলীপ। নাগরিক ফোরামের সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ)-এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন।
সভায় নাগরিক প্রকল্পের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন নাগরিক ফোরাম কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির সফলতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানো, তাদের অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায়, সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কার্যক্রমের বিষয়ে দাতা ও সহযোগী সংস্থাগুলোকে অবহিত করার বিষয়েও আলোচনা করেন নাগরিক নেতৃবৃন্দ।
এ ছাড়া সামাজিক নিরীক্ষক নির্বাচন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন, সংলাপ, লোকসংগীত ও পথনাটক আয়োজন এবং বিভিন্ন সামাজিক নিরীক্ষার প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসন, নাগরিক নেতা এবং সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানির আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নাগরিক ফোরামের সদস্য ও সমাজকর্মী অ্যাডভোকেট মনির হোসেন, মো. আবদুল খালেক, মাহফুজা ইসলাম, হাসি আক্তার, মো. জাহিদ হোসেন, ফোরামের সভা প্রধান শ. ম. দেলওয়ার হোসেন দিলীপ এবং এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন প্রমুখ।









