“হয় মাদক ছাড়ুন, না হয় আমতলী ছাড়ুন”—দেশব্যাপী চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে বরগুনার আমতলী থানার ওসির এমন বক্তব্যে মাদক কারবারিদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
প্রতিদিনই চলছে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। গ্রেপ্তার হচ্ছেন একাধিক কারবারি। উদ্ধার হচ্ছে ইয়াবা, হেরোইন ও গাঁজা। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রাম থেকে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ১০ হাজার টাকাসহ শাহানুর বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে আমতলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই তানজিল আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার গভীর রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি মো. বায়জিদ হাওলাদারের বসতঘরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারি বায়জিদ কৌশলে পালিয়ে গেলেও ঘরে অবস্থান করা বায়জিদের স্ত্রী ও নারী মাদক বিক্রেতা শাহানুর বেগম (৩৫) ও তার ছেলে সানাউল্লাহকে (১৬) পুলিশ আটক করে।
ওই সময় নারী কারবারি শাহানুরের তথ্যে বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ছোট এসএসের তৈরি বাক্সে রক্ষিত ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আটক নারী মাদক কারবারি ও অপর কারবারি পলাতক স্বামী বায়জিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশব্যাপী চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানকে সফল করার লক্ষ্যে বরিশাল রেঞ্জের ডিআইজি ও বরগুনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি মাদক কারবারিদের উদ্দেশে বলেন, “হয় মাদক ছাড়ুন, না হয় আমতলী ছাড়ুন।”









