ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পটুয়াখালীতে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন/জাতীয় সংসদ ভবন প্রান্ত থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পটুয়াখালীসহ সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে ডেঙ্গুমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে প্রতিদিন অন্তত এক ঘণ্টা নিজ নিজ আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, স্থানীয় সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার (ঝাউতলা) প্রাঙ্গণে জেলা প্রশাসনের নেতৃত্বে সরাসরি পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশক নিধন স্প্রে ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে নিয়মিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার লার্ভা ধ্বংস, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদকে জানান, দেশে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।









