পটুয়াখালীর দশমিনায় ডেঙ্গু প্রতিরোধে সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এর আগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দশমিনা উপজেলা প্রশাসন ভার্চ্যুয়ালি ওই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এর ধারাবাহিকতায় স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনা করে।
শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহমেদ মোল্লা, সদস্যসচিব শাহ্ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রোভার স্কাউট, বয় স্কাউট, কাব স্কাউট, গার্ল গাইড এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের বিভিন্ন আঙিনায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি দশমিনাবাসীর উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ অবস্থান থেকে বাড়ির আঙিনায় থাকা জঙ্গল পরিষ্কার করতে হবে এবং ছাদে বা টবে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি অপসারণ করতে হবে।









