পটুয়ালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তাঁর ছেলেদের বিরুদ্ধে।
আহতরা হলেন—মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আহত জেলেরা জানান, গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেলতে জেলে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহআলম। চাঁদা না দিয়ে বৃহস্পতিবার সকালে চার জেলেসহ ট্রলার নিয়ে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলেন ওমর ফারুক।
পরে শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে তাঁদের কাছে গিয়ে দাবিকৃত ১ লাখ টাকা চান। এ সময় টাকা না দেওয়ায় ইলিয়াস সাগর থেকে তাঁদের জাল নিয়ে চলে যান। পরে শাহআলম, তাঁর ছেলে ইলিয়াস ও রিয়াজসহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুকসহ ট্রলারে থাকা চার জেলের ওপর অতর্কিত হামলা চালান। এতে তাঁরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে শাহআলম চৌকিদার বলেন, জাল ফেলা নিয়ে তাঁর ছেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। তবে চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি। চাঁদার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট।
মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








