পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ষষ্ঠ ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় বদরপুর ইউনিয়ন পরিষদে এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আব্দুল করিম খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীল, উপজেলা নাগরিক কমিটির সভাপতি স. ম. দেলোয়ার হোসেন দলীপ, ইউপি সদস্য লাভলী বেগম, ইউপি সহকারী মো. ফারুক এবং উপজেলা নাগরিক ফোরামের সদস্য সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস।
সভায় নাগরিক প্রকল্পের আওতায় বদরপুর ইউনিয়ন নাগরিক ফোরাম কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির সাফল্য ও সীমাবদ্ধতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে জনগণের অংশগ্রহণ, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি, তাদের অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দাতা ও সহযোগী সংস্থাগুলোকে অবহিত করার লক্ষ্যে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করেন।
সভায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাস্থ্যসেবা ও প্রাণিসম্পদ বিষয়ে সরকারি সেবার তথ্য সংগ্রহের জন্য সামাজিক নিরীক্ষক নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন, সংলাপ, লোকসংগীত ও পথনাটক আয়োজন এবং বিভিন্ন সামাজিক নিরীক্ষার প্রতিবেদন প্রকাশের বিষয়ে আলোচনা হয়। এসব কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসন, নাগরিক নেতা এবং সেবাগ্রহীতাদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ ও উপজেলা পর্যায়ে গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপের মাধ্যমে (সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে) এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উইক্যানের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এ সভার আয়োজন করে।








