জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীতে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটুয়াখালীর এসডিএ রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার অডিটরিয়ামে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ফর দ্যা লাইটের আয়োজনে, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এ আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফর দ্যা লাইটের প্রজেক্ট কো-অর্ডিনেটর অর্পিতা দাস অথই। এ ছাড়া পটুয়াখালীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
আলোচনায় জেন্ডারভিত্তিক নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
বক্তারা বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারীর অধিকার সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা, শিক্ষা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সংলাপ জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় জোরদার এবং তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে।








