পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মারুফ নাওয়াজও উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, উপকূলীয় অঞ্চলের ঝুঁকি ও অভিযোজন, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিষয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এ ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা জলবায়ু বিষয়ে আরও তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তারা।









