হেফাজতে ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে মাদারীপুরে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার কার্যালয়ে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের মাদারীপুর জেলা সভাপতি মো. নূর নবী মাতুব্বর। এতে সভাপতিত্ব করেন জেলা সাধারণ সম্পাদক মো. সবুজ কাজী। এ সময় বক্তব্য দেন সংগঠনটির বরিশাল বিভাগীয় সভাপতি মো. শফিকুল আলম উখবা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। তাদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্যের পাশাপাশি সংগঠনটিকে দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, অতীতে পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়িতে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাদের দুই সদস্য নিহত এবং শতাধিক সদস্য আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা, উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়।
এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।






