ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেন সেবা ‘বাংলা কিউআর’ প্রচার ও এর বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের তত্ত্বাবধানে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পটুয়াখালী শাখার পরিচালনায় জেলার বিভিন্ন ব্যাংকের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা ব্যাংক পিএলসি, পটুয়াখালী শাখার ম্যানেজার মো. আইয়ুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান, পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান এবং দৈনিক গণদাবী সম্পাদক গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বরিশাল জোনের ইভিপি ও জোনাল হেড মো. সরোয়ার হোসাইন।
সভায় স্থানীয় বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা মতবিনিময় পর্বে অংশ নেন। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম মো. আবদুল আজিজ, রূপালী ব্যাংকের ডিজিএম মো. মনজুর হোসেন, অগ্রণী ব্যাংকের ডিজিএম মো. মনিরুজ্জামান মোল্লা, জনতা ব্যাংকের ডিজিএম মো. বেলায়েত হোসেন এবং সোনালী ব্যাংকের ডিজিএম মো. খালেদুর রহমান। এ ছাড়া অন্যান্য ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংক, পটুয়াখালী শাখার ম্যানেজার মো. মনিরুল ইসলাম এবং সোনালী ব্যাংক, নিউ টাউন শাখার এজিএম ও ম্যানেজার এ বি এম আনোয়ারুল কবির।
ব্যবসায়ীদের পক্ষে পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্জ মো. কামাল হোসেন এবং বিভিন্ন মার্চেন্ট গ্রাহক মতবিনিময় সভায় তাঁদের মতামত ব্যক্ত করেন।
‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই স্লোগানকে সামনে রেখে সভায় বক্তারা ক্যাশলেস অর্থব্যবস্থার বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তাঁরা বলেন, ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা একটি অভিন্ন কিউআর কোড স্ক্যান করে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাপের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন।
বক্তারা ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ‘বাংলা কিউআর’ ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রধান অতিথির সরাসরি তত্ত্বাবধানে টাকা ট্রান্সফার কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে সহযোগিতা করেন দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া।









