আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাদারীপুর সদর উপজেলার খাকছারা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজী।
শনিবার (২২ আগস্ট) স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে খাকছারা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজের পরিকল্পনা, এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজী।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা হাকিম কাজী আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার কথাও জানান তিনি।
সভায় সাবেক মেম্বার রাজ্জাক কাজী, সমাজসেবক রাজ্জাক মাস্টার, কেএম কবির কাজী, কামরুল হোসেন হালিম, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মিন্টু কাজী, ব্যবসায়ী কুদ্দুস মীর, হেমায়েত কাজীসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় আসন্ন চেয়ারম্যান নির্বাচন, এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভোটারদের বিভিন্ন প্রত্যাশা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। নির্বাচনী সভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।





