ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ২৫৩ বোতল ফেনসিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে অভিযানে মাদক বহনকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন কাঁঠালডাংগী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহল দল সীমান্তের গেরুয়াডাংগী এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ফেনসিডিল ও এস্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।



