পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদার পিতা আলহাজ্ব লুৎফর রহমানকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগীসানকিপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেতাগী গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, গত ৬ আগস্ট চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান আলহাজ্ব লুৎফর রহমান। চিকিৎসা শেষে তিনি কলকাতায় অবস্থান করছিলেন। ১০ আগস্ট রাতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১৩ আগস্ট সন্ধ্যায় তাঁর মরদেহ বাংলাদেশে আনা হয়। পরে ১৪ আগস্ট সকালে মরদেহ পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়।
জানাজায় উপজেলা বিএনপি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থক এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।









