পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদার পিতা মোহাম্মদ লুৎফর রহমান (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক চিকিৎসার জন্য গত ৬ আগস্ট বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান মোহাম্মদ লুৎফর রহমান। সেখানে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে গুরুতর অবস্থায় তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
মরহুমের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলের দিকে মরদেহ পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে মোহাম্মদ লুৎফর রহমান তিন ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।









