পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনির্বাচিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক মোশতাক আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, জয়ভাঙ্গী, তন্ময়সহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা, গবেষণা ও মুক্তবুদ্ধির পীঠস্থান। আর তোমরা হলে ক্যাম্পাসের দর্পণ। তোমাদের লেখনীর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সম্ভাবনার চিত্র দেশ ও জাতির সামনে ফুটে ওঠে।’
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মতো মহান ও চ্যালেঞ্জিং পেশায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা প্রশংসনীয়। তবে যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। গুজব ও ভিত্তিহীন তথ্য যেন বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। একটি ভুল তথ্য যেমন বিভ্রান্তি ছড়ায়, তেমনি একটি সঠিক ও গঠনমূলক প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক ভালো গবেষণা ও উদ্ভাবন রয়েছে। এসব ইতিবাচক অর্জন, একাডেমিক সাফল্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড জাতীয় গণমাধ্যমে আরও বেশি করে তুলে ধরতে হবে।
তিনি পবিপ্রবিকে বিশ্বমানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের দৃঢ় প্রত্যয়ের কথা জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে এবং যৌক্তিক দাবির বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সমিতির সংশোধিত গঠনতন্ত্র-২০২৬ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৯তম সভায় অনুমোদিত হওয়ায় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।










