নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই; ন্যায়বিচার নিশ্চিত করি, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’—এই স্লোগানকে সামনে রেখে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ও বদরপুর ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ইজিবাইক (অটো) ক্যাম্পেইন, মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ছিল—‘নির্যাতনের শিকার নারীর ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত হোক, বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটুক।’
সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিজ (নাগরিক)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এস এম দেলওয়ার হোসেন দিলীপ, এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, উপজেলা নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক সাবরিনা শাহানাজ, সদস্য মাহফুজা ইসলাম ও মো. জাহাঙ্গীর হোসেন, ইটবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার এবং বদরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বাবুল হোসাইন। এ ছাড়া বদরপুর ও ইটবাড়িয়া ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্য এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দুটি ইউনিয়নের চারটি জনসমাগমস্থল, বাজার ও দোকানে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পথসভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন নাগরিক নেতৃবৃন্দ।
এ ছাড়া ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের অংশ হিসেবে উপজেলা চত্বরে আইনি সহায়তা বুথ স্থাপন করা হয়। সেখানে একজন আইনজীবীর মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) সংক্রান্ত অভিযোগ সংগ্রহ এবং আইনি সহায়তা প্রদানের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ সময় লিফলেটও বিতরণ করা হয়।
ইজিবাইক (অটো) ক্যাম্পেইনের র্যালি শেষে দুই ইউনিয়নের সংযোগস্থল শিয়ালী বাজারে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এস এম দেলওয়ার হোসেন দিলীপ।
বক্তারা বলেন, এ ধরনের প্রচারাভিযান, পথসভা ও আইনি সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে নারী নির্যাতনবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নারী ও কন্যাশিশুর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং সহিংসতামুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










