পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১০ আগস্ট বিকেল ৩টায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ল্যাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. ফজলুল হক, অধ্যাপক ড. মো. আসাদুল হক, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. শাহীন হোসেন, সহযোগী অধ্যাপক মো. রফিক উদ্দিন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সগিরুল ইসলাম, প্রভাষক শামসুন্নাহার প্রান্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আমাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পবিপ্রবির উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, “আমরা সকলে একটি পরিবারের অংশ। আপনাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও ডেডিকেশন ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কোনো উন্নয়ন সম্ভব নয়। উপ-উপাচার্য হিসেবে আমার মূল লক্ষ্য হবে আপনাদের কাজের পরিধিকে আরও উন্নত করা এবং যেকোনো প্রশাসনিক জটিলতা দূর করে একটি শিক্ষাবান্ধব ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দল-মতনির্বিশেষে সকলে একসঙ্গে কাজ করব।”
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।









