সোহাগ কাজী, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার স্নানঘাটা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রবাসী ইয়াকুব ঢালীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্নানঘাটা এলাকার মৃত হালান আলীর ছেলে ইয়াকুব ঢালী আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দিনে ও রাতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জানতে পেরে মামলার বাদী শেফালী বেগম নির্মাণ কাজে বাধা দিতে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
শেফালী বেগমের দাবি, ইয়াকুব ঢালী ও তার মা নুরজাহান বেগম তাকে মারধর করেন। এ সময় নুরজাহান বেগমের হাতে থাকা লোহার রডের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। শেফালী নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ইয়াকুব ঢালীর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।









