গণভোটের রায় বাস্তবায়ন, তীব্র জ্বালানি সংকট নিরসন, লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে পটুয়াখালীতে গণ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী ১১ দলীয় ঐক্য।
শনিবার (২ মে) শেষ বিকালে শহরের লঞ্চঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে বিকাল ৪ টায় পটুয়াখালী লঞ্চঘাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। এর ওপর জ্বালানি সংকট জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে। তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এসব সমস্যার সমাধান না করা হয় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার (গণভোটের রায়) বাস্তবায়ন না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।








