পাঁচদফা দাবিতে পটুয়াখালীতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ সামাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ৩ টায় ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ জেলা শাখার উদ্যোগে পটুয়াখালী লঞ্চঘাট চত্ত্বরে- নির্বাচনের আগে গণভোটসহ জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ সামাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সামাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্তে এবং সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি হাবিবুর রহমান, পটুয়াখালীর- ২ আসনের মাওলানা মুফতী আব্দুল মালেক আনোয়ারী, পটুয়াখালী- ৩ আসনের মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক এবং পটুয়াখালী- ৪ আসনের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই-২৪ এর গণ অভ্যুত্থানের ফলে দেশের জনগণ শাসন ব্যবস্থার একটি আমুল পরিবর্তন চায়। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জনগণের ভাষা বুঝেই জনগণের স্বার্থ রক্ষার জন্যই এই পাঁচ দফা দাবি করে আসছেন। সরকার যদি এই পাঁচ দফা দাবী মেনে না নেয় তবে দেশের জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন দিয়ে আদায় করে নেব ইনশাআল্লাহ্।’
পটুয়াখালী লঞ্চঘাটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এক মিছিল বের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।









