সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে ভাঙনসহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমি, বনজসম্পদ, বন্যপ্রাণীর আবাসস্থল এবং সবুজ বেষ্টনী ধ্বংসের হাত থেকে রক্ষায় দেশে এবার ‘জাপানি মডেল’ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় দেশীয় সহজলভ্য ও স্বল্পমূল্যের উপকরণ ব্যবহার করে তিনটি স্থানে নির্মাণ করা হচ্ছে বিশেষ ধরনের বহুস্তরবিশিষ্ট বেড়া বা প্রতিবন্ধক কাঠামো। এর ফলে ভাঙনপ্রবণ এলাকায় পলিমাটি জমার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং কার্যকর ও টেকসইভাবে ভাঙন রোধ করা সম্ভব হবে।
বঙ্গোপসাগরের তীরবর্তী গঙ্গামতি, ধুলাসার ও খাজুরা ম্যানগ্রোভ বন রক্ষায় সরকারের এ উদ্যোগ উপকূলীয় বন ব্যবস্থাপনায় একটি সম্ভাবনাময় নতুন অভিযোজন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বন ব্যবস্থাপনায় প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে উপকূল রক্ষার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত হয়ে উঠবে এ প্রকল্প। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বিভিন্ন দ্বীপ ছাড়াও সাতক্ষীরার সুন্দরবন থেকে শুরু করে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত বিস্তৃত দীর্ঘ উপকূলীয় এলাকার বনভূমি শুধু সবুজের সমারোহ নয়; বরং প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল ঢেউ থেকে উপকূলবাসীর জীবন ও সম্পদ রক্ষায় প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবেও কাজ করে।
কিন্তু প্রতিবছর সমুদ্রের ঢেউ এবং সমুদ্র ও নদীর মোহনায় সৃষ্ট ভাঙনে উপকূলীয় বনের উল্লেখযোগ্য অংশ বিলীন হয়ে যাচ্ছে। ফলে বনভূমি, বনজসম্পদ ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা এবং উপকূলীয় ভূপ্রকৃতির অস্থিতিশীলতা এ সংকটকে আরও জটিল করে তুলছে। ফলে শুধু গাছ লাগিয়ে বন সৃষ্টি করলেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হচ্ছে না। বনভূমি বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলের সুরক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে।
বন সৃজনের আগে ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং উপকূলে সাগরের ঢেউয়ের শক্তি প্রশমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তাই বন রক্ষার পাশাপাশি ভাঙনপ্রবণ উপকূলীয় অঞ্চলকে স্থিতিশীল করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্যের অস্তিত্ব, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার মনে করে, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষা। এ লক্ষ্য অর্জনে বনভূমি রক্ষার পাশাপাশি বনের পরিমাণও বাড়াতে হবে। গাছ রোপণের পাশাপাশি সেগুলো বাঁচিয়ে রাখার ব্যবস্থা করতে হবে।
উপকূলীয় বন যাতে সমুদ্রের প্রবল ঢেউ, সাগর ও নদীর মোহনায় সৃষ্ট ভাঙন এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় পটুয়াখালীর সাগরপাড়ের গঙ্গামতি, ধুলাসার ও খাজুরা ম্যানগ্রোভ বনের ৬০ মিটার এলাকায় জাপানি মডেলের এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প ভাঙন মোকাবিলা, মাটির ক্ষয় হ্রাস এবং নতুন পলি জমার মাধ্যমে ভূমির স্থিতিশীলতা বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
এবার অন্যান্য উপকূলীয় বনের ভাঙন রোধে কংক্রিটের দেয়াল বা ব্লকের পরিবর্তে দেশীয় উপকরণনির্ভর প্রযুক্তি ব্যবহার করা হবে। সহজলভ্য ও তুলনামূলক স্বল্পমূল্যের কাঠের উপকরণ দিয়ে নির্দিষ্ট স্থানে একাধিক স্তরের বিশেষ ধরনের বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণ করা হবে। এসব কাঠামো সমুদ্র ও নদীর ঢেউয়ের শক্তি সরাসরি বনভূমিতে আঘাত হানার আগেই প্রশমিত করে ভাঙন রোধে ভূমিকা রাখবে। জাপান ইতোমধ্যে এ পদ্ধতি প্রয়োগ করে সুফল পেয়েছে।
প্রতিমন্ত্রী জানান, জাপানি মডেলে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে স্থানীয় কাঠের বল্লী উপকরণ হিসেবে ব্যবহার করা হবে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী কাঠামোর নকশা তৈরি করে পানির প্রবাহের গতিশক্তি কমানো, মাটির ক্ষয় হ্রাস এবং বেড়ার বিভিন্ন স্তরে পানিবাহিত পলি জমার অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে। এতে ভাঙনপ্রবণ এলাকায় চর জেগে উঠবে। কয়েক বছর পর ওই চরে নতুন করে বনায়ন করা সম্ভব হবে। পাশাপাশি উপকূলীয় বনায়নের স্থায়িত্ব বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগের ফলে বনভূমির গাছপালা, বন্যপ্রাণী, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গসহ বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল সুরক্ষিত থাকবে। পাশাপাশি উপকূলীয় জীববৈচিত্র্য, প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিজমি, ঘরবাড়ি, অবকাঠামো এবং মানুষের জীবন-জীবিকার ওপর প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে।










