বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম মোঃ রাকিব খাঁন (২৬)। তিনি মোংলা উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃতঃ নজরুল ইসলাম খাঁন ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে জয়মনি সাইলো এলাকায় রাকিবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখাটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপরই তাঁকে আটকের এই অভিযান চালানো হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান রাকিবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কী ধারায় মামলা দায়ের করা হচ্ছে কিংবা আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কোনো তথ্য জানাননি।










