সুন্দরবনের গহিনে বনদস্যুদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি।
বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে একটি দস্যু দল ডাকাতির প্রস্তুতি হিসেবে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে।
এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় বনের ভেতরে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়েছে। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।










