পটুয়াখালীর গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামের মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের নেওয়া ঋণের জামানত হিসেবে রাখা স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্প ব্যবহার করে পাল্টা মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) সাবেক এক কর্মকর্তা ও সমিতির সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
অভিযোগকারী মুক্তামনি (স্বামী: জসিম গাজী, সাং: পক্ষিয়া, গলাচিপা) অভিযোগে দাবি করেন, তিনি ও গ্রামের মৎস্যজীবী সমিতির সদস্যরা এসডিএফ গলাচিপা শাখার তৎকালীন ক্লাস্টার ফেসিলিটেটর মো. ইমদাদুল হকের মাধ্যমে ঋণ গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, ঋণ দেওয়ার সময় গ্রাহকদের কাছ থেকে জামানত হিসেবে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্প নেওয়া হয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, গলাচিপায় কর্মরত অবস্থায় সমিতির এক সদস্যকে যৌন হয়রানির অভিযোগে মো. ইমদাদুল হকের বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা হয় এবং তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে তিনি বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার সময় সদস্যদের স্বাক্ষরিত চেক ও স্টাম্প নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, পরবর্তীতে অভিযুক্ত ইমদাদুল হক ব্ল্যাঙ্ক চেকে টাকার অংক বসিয়ে অভিযোগকারী মুক্তামনি ও সাক্ষী রানী বেগমের বিরুদ্ধে বাগেরহাট অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা (সি.আর-৮২/২৬ ও সি.আর-৮৩/২৬) দায়ের করেন। পাশাপাশি অন্যান্য সদস্যদের চেক-স্টাম্প দিয়েও মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে।
এছাড়া অভিযোগে দাবি করা হয়, সমিতির সভাপতি রুহুল আমিন প্যাদা ও অজ্ঞাতনামা কয়েকজন বাদী ও সাক্ষীর স্বাক্ষর নিয়ে গলাচিপা থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে চেক দুটি হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে—যা ভুক্তভোগীদের মতে প্রকৃত ঘটনা আড়াল করার অপচেষ্টা।
এ বিষয়ে অভিযুক্তদের ফোন দিলে তারা রিসিভ করেননি। অভিযোগকারী মুক্তামনি দ্রুত সদস্যদের সংরক্ষিত চেক ও স্টাম্প উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন।










