মারুফ ইসলাম: দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পটুয়াখালী ইপিজেডের নির্মাণকাজের অগ্রগতি এবং দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দরের সার্বিক অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে পটুয়াখালীতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় পটুয়াখালীকে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ও শিল্পায়নকেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইপিজেড ও পায়রা বন্দরের বহুমাত্রিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও এ অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পায়ন গড়ে না ওঠায় বিপুলসংখ্যক শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবক বেকারত্বের সমস্যায় ভুগছেন। পটুয়াখালী ইপিজেড ও পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে কর্মসংস্থান ও সামাজিক রূপান্তরের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য বিশাল শ্রমবাজার উন্মুক্ত হবে এবং ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে।
সভায় জানানো হয়, ২০১৯ সালের নভেম্বরে বেপজার গভর্নিং বোর্ডের সভায় পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে প্রায় ৪১০ দশমিক ৭৮ একর জমির ওপর ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ হাজার ৪৪২ কোটি ৭৮ লাখ টাকা অনুমোদিত ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আরও দুই বছর বাড়ানো হয়েছে।
প্রকল্পটিতে মোট ৩০৬টি শিল্প প্লট তৈরির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চলতি বছরের আগস্ট মাসের মধ্যে বিনিয়োগকারীদের জন্য ৬০টি প্লট প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ভূমি উন্নয়ন ও ৪ দশমিক ৪০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক, ড্রেন, কালভার্ট, প্রশাসনিক ও কারখানা ভবন, আবাসিক ভবন, সীমানাপ্রাচীর এবং পানি ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলছে।
প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই পায়রা ও মোংলা বন্দরের কাছাকাছি অবস্থানের কারণে মালয়েশিয়া ও চীনের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। বেপজা কর্মকর্তারা জানান, ইপিজেডে হালকা প্রকৌশল, আসবাব, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি খাতের শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ১৫৩ কোটি মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বছরে প্রায় ১৮৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যক্ষভাবে প্রায় ১ লাখ এবং পরিবহন, আবাসন ও সেবা খাত মিলিয়ে পরোক্ষভাবে আরও প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
তবে সম্ভাবনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জের বিষয়ও সভায় উঠে আসে। মেইনটেন্যান্স ড্রেজিং বন্ধ থাকায় পায়রা সমুদ্রবন্দরের রাবনাবাদ চ্যানেলে পানির গভীরতা সাড়ে ১০ মিটার থেকে কমে ৬ মিটারে নেমে এসেছে বলে সভায় জানানো হয়। ফলে বড় জাহাজ চলাচল ও বন্দরের কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এছাড়া ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক চার বা ছয় লেনে উন্নীত না হলে ইপিজেডের পণ্য পরিবহনে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী ইপিজেডের প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, ডেপুটি ডিরেক্টর হাকিমুদ জামান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, মাকসুদুর রহমান বায়জিদ পান্না, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, দৈনিক গণদাবী পত্রিকার প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া, এনটিভির স্টাফ রিপোর্টার কাজল বরণ দাষ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সময় টেলিভিশনের প্রতিনিধি মনির হোসেন বাদল সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, “পটুয়াখালীর পায়রা বন্দর ও পটুয়াখালী ইপিজেড এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্ভাবনা। তবে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগের ঘাটতির কারণে বিভিন্ন অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছে। এ ব্যবধান দূর করতে স্থানীয় অংশীজনদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সভার আয়োজন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে পটুয়াখালীর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
সভায় সংশ্লিষ্টরা মনে করেন, পটুয়াখালী ইপিজেডের শক্তি, দুর্বলতা, সুযোগ ও ঝুঁকি (SWOT) বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে এবং স্থানীয় যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে উপকূলীয় এ জনপদের বেকারত্ব নিরসন ও অর্থনৈতিক উন্নয়নে প্রকল্প দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










